বৃষ্টির দাপট সবজির বাজারেও
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা চার দিনের বৃষ্টির প্রভাবে সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম বেড়ে ৬০ থেকে ৮০ টাকায় পৌঁছেছে, আর কিছু সবজির দাম ছাড়িয়েছে শতকের ঘর।
শুক্রবার (১ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চিকন বেগুন প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা এবং বড় গোল বেগুন ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোলের দাম ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, বরবটি ৬০-৮০ টাকা, পটোল ও ঝিঙে ৬০-৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজি ১২০ টাকায় পৌঁছেছে। করলা ৬০-৮০ টাকা, লাউ প্রতিটি ৬০-৮০ টাকা এবং কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।
সবজির পাশাপাশি মুরগির বাজারেও স্বস্তি নেই। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, বৃষ্টির কারণে কষ্ট করে বাজারে এলেও উচ্চমূল্যের কারণে প্রয়োজনীয় সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন ঊর্ধ্বগতি নিম্ন ও স্থির আয়ের মানুষের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে সবজির সরবরাহ কমে গেছে। পাশাপাশি কিছু সবজির মৌসুম না থাকায় দাম আরও বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারে দামেরও কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে তারা আশা করছেন।




















