মে দিবসে টাঙ্গাইলে র্যালি ও আলোচনা সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
মহান মে দিবস উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজনে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতাকর্মী, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। রঙিন ব্যানার-ফেস্টুনে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি তুলে ধরা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম (পিপিএম-সেবা)।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। তারা আরও বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে দক্ষ ও সুস্থ শ্রমশক্তি গড়ে তোলা অপরিহার্য।
এ জন্য কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, স্বাস্থ্যঝুঁকি কমানো এবং শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজন শ্রমিক-মালিক-প্রশাসনের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়কে আরও শক্তিশালী করেছে।
















