বিডিআর বিদ্রোহ মামলায় ৮ সাবেক সদস্য জামিনে মুক্ত
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে
২০০৯ সালের বিডিআর বিদ্রোহ-এর ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কারাবন্দী থাকা আট সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন।
শুক্রবার (১ মে) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এর মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি ইউনিট থেকে একজন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে সাতজন মুক্তি পান।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাদের কারাগার থেকে একজন বন্দী মুক্তি পেয়েছেন এবং বাকিরা অন্য ইউনিট থেকে ছাড়া পেয়েছেন।
কারা সূত্রে জানা যায়, বিস্ফোরক মামলায় অভিযুক্ত আটজনের জামিননামা কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় মুক্তি দেওয়া হয়। এ সময় কারাফটকে স্বজনরা উপস্থিত ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার হালিমা খাতুন জানান, যাচাই শেষে শুক্রবার সকালে একজন এবং বিকেলে ছয়জনকে মুক্তি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর রায়ে ৮৫০ জনের মধ্যে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়; ২৭৮ জন খালাস পান।


















