গাইবান্ধায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—এবার আসবে নতুন প্রভাত’ প্রতিপাদ্যে গাইবান্ধায় শুক্রবার (১ মে) নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল এবং শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু প্রমুখ।
কর্মসূচিতে জেলা অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সি, মিশুক, বেবিট্যাক্সি ও ট্যাক্সিকার পরিবহন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, মহান মে দিবসের সূচনা ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ৪ মে হে মার্কেটের ঘটনায় হতাহতের ঘটনা বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে বিশ্বের ৮০টির বেশি দেশে মে দিবস সরকারি ছুটির দিন হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এছাড়া দিবসটি ঘিরে গাইবান্ধার বিভিন্ন উপজেলা ও শহরে শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে পৃথক কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে।
















