অনিন্দ্য ইসলাম অমিত
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অধিকাংশই শ্রমিক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তাদের অধিকাংশই শ্রমিক। তাই শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার।
শুক্রবার (১ মে) সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মে দিবসের র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের কাজ ফিরিয়ে দিতে এবং কর্মসংস্থান সংকট দূর করতে বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিক পরিবারের আর্থিক স্বচ্ছলতা বাড়ানোর চেষ্টা চলছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া হাওর অঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে।
সমাবেশ শেষে শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
















