বললেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বড় বাজেটের চাপেই অর্থনীতি, ব্যবসায়ীদের জন্য স্বস্তির ইঙ্গিত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
অর্থনৈতিক সক্ষমতা না বাড়িয়েই বিগত সরকার বড় আকারের বাজেট ঘোষণা করেছিল, যার প্রভাব এখন বর্তমান অর্থনীতিতে স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে আসন্ন বাজেটে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২০২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি করা হবে না। তিনি বলেন, বৈশ্বিক সংঘাত ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও কাঁচামালের দাম ব্যাপকভাবে বেড়েছে, যা দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে।
তিনি উল্লেখ করেন, আগে স্পট মার্কেট থেকে প্রতি ইউনিট এলএনজি প্রায় ১০ ডলারে কেনা হলেও বর্তমানে তা প্রায় ২০ ডলারে কিনতে হচ্ছে। একই সময়ে ক্রুড অয়েলের দাম ৫০–৬০ ডলার থেকে বেড়ে ১১৬ ডলারে এবং সার ৪৫৬ ডলার থেকে প্রায় ৮০০ ডলারে পৌঁছেছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমদানিনির্ভর পণ্যের জন্য দেশের পর্যাপ্ত স্টোরেজ সুবিধা না থাকায় সংকট আরও জটিল হচ্ছে। উন্নত দেশের মতো কৌশলগত মজুত বা স্ট্র্যাটেজিক রিজার্ভ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি স্বীকার করেন, বৈশ্বিক যুদ্ধ ও অস্থিরতার প্রভাব পূর্বাভাস দেওয়া সম্ভব ছিল না, ফলে আকস্মিক এই পরিস্থিতি দেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।


























