ফুলবাড়ীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ২০২ বার পড়া হয়েছে
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ছামিউল ইসলাম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের মেলায় নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত অগ্রগতি সহজভাবে উপস্থাপন করা হয়, যা অংশগ্রহণকারীদের জ্ঞান বৃদ্ধি করে এবং সৃজনশীলতা বিকাশে সহায়তা করে।
বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ করে দেয়। তারা নিজেরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে। এতে তাদের সমস্যা সমাধানের দক্ষতা ও যুক্তিবোধ বৃদ্ধি পায়। এ মেলা নতুন উদ্ভাবকদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। শিক্ষার্থীরা তাদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শনের সুযোগ পায়, যা ভবিষ্যতে বড় আবিষ্কারের পথ প্রশস্ত করে।
মেলায় উপজেলার প্রায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল সৌরশক্তি চালিত যন্ত্র, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবটিঙ্ মডেল এবং স্মার্ট হোম সিস্টেম। দর্শনার্থীরা এসব প্রকল্প ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
মেলার দ্বিতীয় দিনে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা এবং প্রযুক্তি বিষয়ক সেমিনারের আয়োজন করা হবে। বিশেষজ্ঞ বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই আজকের বিশ্বের অগ্রগতির মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী ও উদ্ভাবনী চিন্তায় এগিয়ে আসতে হবে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা তরুণদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ তৈরিতে সহায়ক। ডিজিটাল বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
ছবিতে দিনাজপুরে ফুলবাড়ী সরকারি কলেজ শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্টের মধ্যে প্রজেক্ট ১. টেকনোলজি ভিত্তিক কাঙ্খিত শহর প্রজেক্ট ২. DNA মডেল। প্রজেক্ট ৩. ভুমিকম্প সতর্কীকরণ যন্ত্র। প্রজেক্ট ৪. বায়ুশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন প্রদর্শন করে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানুর রহমান, তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা তাসলিমা বেগম, মৎস্য কর্মকর্তা রাশেদা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষাথর্ীরা স্টল বসিয়ে তাদের উদ্ভাবিত প্রজেক্ট প্রদর্শন করেন।





















