টাঙ্গাইলে তারেক রহমান
জুলাই সনদের প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বিএনপি যে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে, তার প্রতিটি শব্দ ও শর্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে তিনি ভাসানীর কবর জিয়ারত করেন।
বিগত আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের ফল হিসেবেই ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে এবং বিএনপি এতে পূর্ণ সমর্থন দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “এই সনদের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন এবং প্রতিটি শর্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করব—এর কোনো ব্যতিক্রম হবে না।”
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবে দেশের মানুষের মৌলিক অধিকার ও সুশাসনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
বিরোধীদলের সমালোচনা করে তিনি বলেন, দেশে আবার অরাজকতা তৈরির চেষ্টা চলছে এবং সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে রাজনীতি করে এসেছে। অতীতের মতোই কৃষি উন্নয়নে খাল খননসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মসূচিতে কেউ বাধা দিলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
শেষে মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি সারাজীবন শোষিত-বঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করেছেন এবং তার আদর্শই দেশের মানুষের মুক্তির পথে দিকনির্দেশনা দেয়।
























