কৃষক কার্ড উদ্বোধনে প্রধানমন্ত্রীর বার্তা
কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক স্বচ্ছল ও ভালো থাকলে তবেই বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি জানান, কৃষকদের আত্মনির্ভরশীল করে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর সরকার ধারাবাহিকভাবে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, ‘কৃষক কার্ড’ বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি। এর আগে সরকার ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড এবং খাল খনন কর্মসূচি চালু করেছে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে ১১টি উপজেলায় ২২ হাজার ৬৫ জন কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে কৃষকেরা ১০ ধরনের সুবিধা পাবেন।
তারেক রহমান বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই কৃষকদের কল্যাণে কাজ করেছে। দেশের উন্নয়ন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায় সরকার।
কৃষি খাতে উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের মাধ্যমে সেচ সংকট দূর করা হবে এবং ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধারে কাজ করা হবে।
এছাড়া কৃষিপণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার আগ্রহ রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
























