মাদক ও মানবপাচার রোধে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা হবে এবং শিগগিরই এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে একটি বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এ বিষয়ে কার্যকর সমাধান খুঁজতে সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, টেকনাফ, উখিয়া ও কক্সবাজারসহ দেশের কিছু এলাকায় মানবপাচার উদ্বেগজনকভাবে বেড়েছে। এ সমস্যা মোকাবিলায় ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সীমান্ত ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করে সুসংগঠিত অভিযান পরিচালনার মাধ্যমে মানবপাচার প্রতিরোধ করা হবে বলেও জানান তিনি।
সবার সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে জনসচেতনতা ও তথ্য সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ থেকে সঠিক তথ্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনী আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হবে।





















