ক্রুড তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) অপরিশোধিত তেলের সংকটে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত রোববার বিকেলে সর্বশেষ তেল পরিশোধন করা হয়। নতুন ক্রুড অয়েলের চালান না আসা পর্যন্ত আগামী ১০ মে’র আগে উৎপাদন পুনরায় চালুর সম্ভাবনা নেই। এই সময়ে রিফাইনারিতে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ চলবে।
জানা গেছে, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। এর ফলে গত দুই মাস ধরে দেশে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হচ্ছে। সর্বশেষ চালান আসে গত ১৮ ফেব্রুয়ারি, আর পরবর্তী চালান মে মাসের শুরুতে পৌঁছানোর কথা রয়েছে।
সংকট মোকাবিলায় কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং মজুত ট্যাংকের তলানিতে থাকা ডেড স্টক ব্যবহার করে কয়েকদিন উৎপাদন চালু রাখা হয়েছিল। তবে সেই মজুত শেষ হয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় পরিশোধন কার্যক্রম।
সাধারণত ইআরএল দৈনিক প্রায় ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে। কিন্তু সংকটের কারণে গত মাস থেকেই উৎপাদন কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টনে নামানো হয়েছিল।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, দেশে বছরে প্রায় ৬৮ থেকে ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়, যার একটি অংশ অপরিশোধিত তেল হিসেবে মধ্যপ্রাচ্য থেকে আসে এবং ইআরএলে পরিশোধন করা হয়। এই রিফাইনারিতে এলপিজি, পেট্রল, অকটেন, ডিজেলসহ ১৬ ধরনের জ্বালানি পণ্য উৎপাদিত হয়।
তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকায় সরবরাহ ব্যবস্থায় আপাতত কোনো প্রভাব পড়বে না।




















