পহেলা বৈশাখ: প্রাণের উৎসবে জাগুক নতুনের আহ্বান
- সংবাদ প্রকাশের সময় : ১২:০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
পুরনো বছরের সব জীর্ণতা, গ্লানি ও বেদনা পেছনে ফেলে নতুন আশা-স্বপ্ন নিয়ে শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব হিসেবে আবারও নিয়ে এসেছে পুনর্জাগরণ, ঐক্য ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা।
হাজার বছরের ঐতিহ্যে গড়ে ওঠা এ দিনটি এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কোটি বাঙালি একসঙ্গে উদযাপন করছে বর্ষবরণের আনন্দ। নতুন বছরের প্রত্যাশা—অশুভ শক্তির অবসান ঘটুক, সত্য ও সুন্দরের জয় হোক সর্বত্র।
নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতীক। এ দিন জাতিগত বিভাজন ভুলে সবার জন্য আনন্দ ও মিলনের বার্তা বয়ে আনে।
অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তা, ইতিহাস ও সংস্কৃতির অনন্য প্রতীক। প্রকৃতি, কৃষি ও অর্থনীতির সঙ্গে এই দিনের নিবিড় সম্পর্ক রয়েছে, যা আমাদের ঐতিহ্য ও মূল্যবোধকে নতুন করে জাগ্রত করে।
নগরের পাশাপাশি গ্রামবাংলাও প্রস্তুত উৎসবের রঙে রঙিন হতে। বৈশাখী মেলা, বলিখেলা, লাঠিখেলা, হা-ডু-ডুসহ নানা লোকজ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে দিনটি। চট্টগ্রামের লালদীঘি ময়দানে ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলাও এ উৎসবের অন্যতম আকর্ষণ।
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাবরের মতো আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার। লোকজ ঐতিহ্যের প্রতীকী নানা মোটিফ—মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া—শোভাযাত্রায় বিশেষ তাৎপর্য বহন করছে। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের বার্তা নিয়ে এই শোভাযাত্রা উদযাপিত হবে ব্যাপক উৎসাহে।
রমনার বটমূলে ছায়ানটের পরিবেশনায় বর্ষবরণের গান থাকবে অন্যতম প্রধান আকর্ষণ। পাশাপাশি উদীচী, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানও নানা কর্মসূচির মাধ্যমে বর্ষবরণ উদযাপন করছে। এ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র্যাব।
নতুন বছরের এই প্রথম প্রভাতে আবারও উচ্চারিত হচ্ছে বাঙালির চিরন্তন আহ্বান—নতুনের জয়, মানবতার জয়। শুভ নববর্ষ।
























