পদ্মাসেতুতে ১৬৪৮ কোটি টাকা টোল আদায়
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
পদ্মা সেতু উদ্বোধনের পর এই পর্যন্ত এক কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে। আর এ থেকে টোল আদায় হয়েছে ১৬৪৮ কোটি টাকার বেশি। ৬ কিস্তিতে অর্থ বিভাগের ৯৪৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আগামী ২৭ জুন ৭ম, ও ৮ম কিস্তি বাবদ ৩১৪ কোটি টাকার চেক গণভবনে প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে। এ তথ্য জানিয়েছেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ৩২ হাজার ৬শ’ ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে এরমধ্যে সুফল ভোগ করছে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার তিন কোটি মানুষ।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ফখরুল সাহেবরা অনেক কথা বললেও খালেদা জিয়ার জন্য একটি দৃশ্যমান আন্দোলনও করতে পারেননি। লিগ্যাল ব্যাটলকে প্রলম্বিত করে তারা মামলার বিষয়টিকে এতাদূর নিয়ে এসেছে। সত্যি কথা বললে, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছেন।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে। শেখ হাসিনার বিরুদ্ধেও মামলা হয়েছিলো। কিন্তু তদন্ত করে কিছু পায়নি। মামলা দায়ের হওয়ার পর খালেদা জিয়া কোর্টে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। যা মামলার রায় ঘোষণাকে প্রলম্বিত করেছে।
ওবায়দুল কাদের বলেন, হত্যার রাজনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান। ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্টের মাস্টারমাইন্ড বিএনপি। বিএনপি এ দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।




















