যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৬২ মোটরসাইকেল আটক; ইয়াবাসহ গ্রেপ্তার ৫

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) জেলার ৪৪টি পয়েন্টে একযোগে চেকপোস্ট বসিয়ে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১ হাজার ৪০০টির বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ৬২টি মোটরসাইকেল আটক করা হয়েছে। একই সঙ্গে সাতটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে, মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও তিন পুরিয়া গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা) জানান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম)-এর সার্বিক দিকনির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাং দমন এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার ও অব্যাহত থাকবে।
জেলা পুলিশের পক্ষ থেকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। তাদের বার্তা— “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি।”



























