ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাসকে জরিমানা

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে দুটি দোকান, দোকানের সামনের চালা এবং ড্রেনের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন, পৌরসভা ও পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে হাইড্রলিক হর্ন ব্যবহারের দায়ে বরিশাল-খুলনা রুটের ‘আল কায়েদ’ নামের একটি যাত্রীবাহী বাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসন, ঝালকাঠি পৌরসভা ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।
অভিযানে সড়ক ও ড্রেনের ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এতে জনসাধারণের চলাচলের জায়গা উন্মুক্ত হওয়ার পাশাপাশি ড্রেনের পানি নিষ্কাশনের পথও পরিষ্কার হয়।
অভিযান শেষে উচ্ছেদ করা স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এ কাজে অংশ নেন বিডি ক্লিন ঝালকাঠির স্বেচ্ছাসেবকেরা। তাঁরা জায়গাটি পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সরকারি জায়গা, সড়ক ও ড্রেন দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা, পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখা এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’





















