জিও ব্যাগের আড়ালে অতিরিক্ত বালু উত্তোলন-বিক্রি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ের জন্য বালু উত্তোলনের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বালু তুলে বিক্রির অভিযোগ উঠেছে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজিউর রহমান মোল্লার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা ও বালু পরিবহনের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি এ অভিযোগ করেছেন।
স্থানীয়দের দাবি, সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খানপাড়া এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের জন্য যতটুকু বালু প্রয়োজন, তার চেয়ে বেশি বালু উত্তোলন করা হচ্ছে। অতিরিক্ত উত্তোলন করা বালুর একটি অংশ বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ তাঁদের।
তবে অভিযোগ অস্বীকার করেছেন গাজিউর রহমান মোল্লা। তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে গেছে। সেখানে বালু দেওয়া হচ্ছে।’
বালু পরিবহনের সঙ্গে যুক্ত কয়েকজন গাড়িচালক জানান, উত্তোলন করা সব বালু বকশীগঞ্জে ব্যবহার করা হচ্ছে না। তাঁদের দাবি, উত্তোলিত বালুর একটি অংশ অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। মান্না নামে এক ব্যবসায়ী এসব বালু কিনেছেন বলেও তাঁরা জানান।
এ বিষয়ে মান্নার ছেলে বাবুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা গাজিউর রহমান মোল্লার বালু। তাঁর সঙ্গে কথা বলেন।’
বিষয়টি সম্পর্কে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। জিও ব্যাগ ডাম্পিং পানি উন্নয়ন বোর্ডের কাজ। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, ‘আমাদের ইমার্জেন্সি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ এক মাস আগেই শেষ হয়েছে। কেউ যদি বালু উত্তোলন করে রেখে বিক্রি করে, তাহলে সেটা আইনবহির্ভূত।’
স্থানীয়দের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





















