বকশীগঞ্জের বরাদ্দের সার ইসলামপুরে নেওয়ার সময় জব্দ, আটক ৭ বস্তা

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কৃষকদের জন্য বরাদ্দ করা সার অন্যত্র নেওয়ার সময় ৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। রোববার (২৭ সেপ্টেম্বর) ইসলামপুর উপজেলার মহলগিরি এলাকায় নেওয়ার পথে এসব সার জব্দ করা হয়।
জব্দ করা সারের মধ্যে রয়েছে ২ বস্তা পটাশ, ২ বস্তা টিএসপি এবং ৩ বস্তা ডিএপি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বকশীগঞ্জের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। পরে তিনি সারগুলো জব্দ করে বকশীগঞ্জে নিয়ে আসেন।
বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘বকশীগঞ্জের কৃষকদের জন্য বরাদ্দ করা সার অন্যত্র নেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭ বস্তা সার জব্দ করা হয়েছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে কোনোভাবেই অন্যত্র চলে যেতে না পারে, সে বিষয়ে উপজেলা কৃষি অফিস নিয়মিত নজরদারি করছে।’
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, ‘সারগুলো বকশীগঞ্জ থেকে ইসলামপুরের মহলগিরি এলাকায় নেওয়া হচ্ছিল। খবর পেয়ে কৃষি কর্মকর্তা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সারগুলো জব্দ করেন। পরবর্তী সময়ে এসব সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।’
জব্দ করা ৭ বস্তা সার বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।
























