মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো

- সংবাদ প্রকাশের সময় : ১২:১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের নেতৃত্বে থাকবেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো।
বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসি ও নিকোলাস ওটামেন্ডির পর অধিনায়কত্বের ধারায় রোমেরোই ছিলেন তৃতীয়। তাই বর্তমান পরিস্থিতিতে তাকেই সবচেয়ে উপযুক্ত মনে করছেন তিনি।
স্কালোনি বলেন, “অধিনায়ক হচ্ছে কুটি। লিয়ো এবং ওটার পরে সে তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানোও অধিনায়ক হতে পারে। রদ্রিগো দি পলও নেতৃত্ব দেওয়ার যোগ্য। লাউতারোও হতে পারে। কিন্তু এই মুহূর্তে কুটিই সঠিক বিকল্প।”
২৮ বছর বয়সী রোমেরোর মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রয়োজনীয় গুণ রয়েছে বলেও মনে করেন স্কালোনি। তবে ২০২৭ সালের পর কোচিং দায়িত্বে পরিবর্তন এলে অধিনায়কত্বেও পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। আপাতত রোমেরোর ওপরই থাকছে দলের নেতৃত্বের দায়িত্ব।
এর আগে আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন রোমেরো। ২০২৫ সালে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রথমবার নেতৃত্ব দেন তিনি। এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে অধিনায়ক ছিলেন। সর্বশেষ চলতি বছর মাউরিতানিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও দলকে নেতৃত্ব দেন রোমেরো।
মেসির দীর্ঘ অধিনায়কত্বের পর এবার আর্জেন্টিনার নেতৃত্বের ব্যাটন উঠল রোমেরোর হাতে।





















