যুক্ত হচ্ছে আরও ১০০ বাস
নারীদের নিরাপদ যাতায়াতে বাড়ছে পিংক বাস সেবা

- সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে পিংক বাস সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ১৩টি রুটে চলাচল করা ১৪টি পিংক বাসের সংখ্যা চাহিদার তুলনায় কম হওয়ায় নতুন করে আরও ১০০টি বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, নারীদের জন্য চালু থাকা পিংক বাস সেবায় যাত্রীদের আগ্রহ বাড়লেও বিদ্যমান বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। এ কারণে সেবার পরিধি বাড়াতে দ্রুত আরও ১০০টি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত
সড়ক দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এসব এলাকায় সড়ক সোজা ও প্রশস্ত করার পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধমূলক নকশা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কমিটি মনে করে, আধুনিক ও নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, পরিকল্পিত ব্যবস্থাপনাও জরুরি।
কর্ণফুলী টানেলের রিসোর্ট পরিদর্শনের সুপারিশ
এদিকে কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















