ঢাকার দায়িত্বে সুলতান সালাউদ্দিন টুকু, আস্থার প্রতিফলন দেখছেন টাঙ্গাইলবাসী

- সংবাদ প্রকাশের সময় : ১০:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকির লক্ষ্যে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকার দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।
এতে আরও বলা হয়, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি নির্মূল বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। মাঠ প্রশাসনে কার্যকর সমন্বয় ও নজরদারি বাড়াতেই এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।
রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব সুলতান সালাউদ্দিন টুকুর হাতে দেওয়াকে সরকারের বিশেষ আস্থা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন দায়িত্বে তিনি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প ও জনসেবামূলক কর্মকাণ্ড তদারকিতে ভূমিকা রাখবেন।
এদিকে টাঙ্গাইলের সন্তান সুলতান সালাউদ্দিন টুকু দেশের গুরুত্বপূর্ণ জেলা ঢাকার দায়িত্ব পাওয়ায় জেলার বিভিন্ন মহলে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা টুকুর ওপর এমন দায়িত্ব অর্পণ টাঙ্গাইলের জন্যও গর্বের বিষয়।
রাজনৈতিক সহকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে নতুন দায়িত্ব পালনে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।






















