নিরাপত্তার কারণে অন্ত্যেষ্টিতে থাকছেন না মোজতবা খামেনেই

- সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টি ৪ জুলাই তেহরানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে সেখানে উপস্থিত থাকবেন না তার সম্ভাব্য উত্তরসূরি মোজতবা খামেনেই। তার দপ্তর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসমক্ষে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আয়োজিত এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সূত্র ও কূটনৈতিক মহলের বরাতে জানা গেছে, অন্ত্যেষ্টিতে বিদেশি প্রতিনিধি দল পাঠাচ্ছে বিভিন্ন দেশ। ভারত থেকেও একটি সরকারি প্রতিনিধিদল তেহরানে যাবে, যেখানে রয়েছেন কয়েকজন কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের প্রতিনিধি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও পূর্বনির্ধারিত বিদেশ সফরের কারণে তিনি অংশ নিতে পারবেন না। একই কারণে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও উপস্থিত থাকছেন না। দলীয় সূত্রে জানা গেছে, তাঁর পরিবর্তে প্রতিনিধি হিসেবে অংশ নেবেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সলমন খুরশিদ।
এছাড়া আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি আমন্ত্রণ পেয়েছেন বলে জানা গেছে। কিছু সূত্র অনুযায়ী, আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কূটনৈতিক প্রতিনিধিরা, যারা ইতোমধ্যে বা শিগগিরই তেহরানের উদ্দেশে রওনা হতে পারেন।
বিশ্লেষকদের মতে, এই অন্ত্যেষ্টি শুধু ধর্মীয় বা রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বরং বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমাবেশ হিসেবেও বিবেচিত হচ্ছে।





















