জ্বালানির সঙ্কটে ভুগছে রাশিয়া! পাম্পে লম্বা লাইন

- সংবাদ প্রকাশের সময় : ১২:২২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাবের মধ্যে এবার জ্বালানি সংকটে পড়েছে রাশিয়া। দেশটির বিভিন্ন অঞ্চলে পেট্রলের ঘাটতি দেখা দেওয়ায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন, পাশাপাশি কিছু এলাকায় রেশনিং ব্যবস্থা চালু করার খবর পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংকট মোকাবিলায় রাশিয়া বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি বাড়াচ্ছে। এর মধ্যে ভারত থেকেও পেট্রল সরবরাহের তথ্য সামনে এসেছে। সূত্রের দাবি, অন্তত ৬০ হাজার টন পেট্রল ভারতে থেকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে ভারত বা রাশিয়ার কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একাধিক ট্যাঙ্কারের মাধ্যমে এই জ্বালানি সরবরাহ হয়েছে এবং ভবিষ্যতে মাসিক কয়েক লাখ টন পর্যন্ত আমদানির পরিকল্পনা থাকতে পারে। বেলারুশ থেকেও রাশিয়া জ্বালানি আমদানি করছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়ায় অভ্যন্তরীণ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। এর ফলে কিছু অঞ্চলে পেট্রলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং সরবরাহ সংকট দেখা দিয়েছে।
রুশ প্রশাসনের পক্ষ থেকে সংকটের বিষয়টি স্বীকার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।



















