ইবারের বেশি মাতৃত্বকালীন ছুটি নয় কেন, হাইকোর্টের রুল

- সংবাদ প্রকাশের সময় : ০২:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
কোনো নারী কর্মীর দুইবারের বেশি মাতৃত্বকালীন ছুটি না থাকা এবং কোনো প্রতিষ্ঠানে ছয় মাস চাকরি পূর্ণ না হলে এ ছুটি না পাওয়ার বিধান নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আশিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।
রুলে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ৪৬(২) ধারা, ৪৬(১) এর প্রভিসো এবং বাংলাদেশ সার্ভিস রুলসের ১৯৭ নম্বর বিধান কেন সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
এ ছাড়া সরকারি ও বেসরকারি খাতের সব কর্মজীবী নারীর জন্য সমান মাতৃত্বকালীন সুরক্ষা ও সুবিধা নিশ্চিত করতে সরকার কেন অভিন্ন নীতিমালা প্রণয়ন করবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
এর আগে গত ১৫ জুন কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করার দাবিতে জনস্বার্থে রিটটি করা হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।
রিটকারীদের দাবি, মাতৃত্বকালীন ছুটি কোনো জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয় নয়; এটি মা ও নবজাতকের স্বাস্থ্য, মর্যাদা, সমতা এবং সাংবিধানিক অধিকারের সঙ্গে সরাসরি যুক্ত। তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে এই সুবিধা থেকে নারীকে বঞ্চিত করা বৈষম্যমূলক।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। তিনি বলেন, সব কর্মজীবী নারীর জন্য বৈষম্যহীন ও সমান মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করতেই এ রিট করা হয়েছে। মাতৃত্ব কোনো শাস্তি নয়, এটি রাষ্ট্রের সাংবিধানিক সুরক্ষার বিষয়।




















