করের আওতায় আসছে মোটরসাইকেল, এআইটি আরোপের পরিকল্পনা এনবিআরের
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
মোটরসাইকেলের ওপর প্রথমবারের মতো অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত প্রস্তাবনা রাখা হতে পারে।
এনবিআরের খসড়া পরিকল্পনা অনুযায়ী, মোটরসাইকেলের সিসি অনুযায়ী বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর নির্ধারণ করা হতে পারে। একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশাকেও করের আওতায় আনার চিন্তা করা হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী—১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কোনো এআইটি থাকবে না, ১১১–১২৫ সিসি মোটরসাইকেলে বছরে ২ হাজার টাকা, ১২৬–১৬৫ সিসিতে ৫ হাজার টাকা, ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হতে পারে।
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজার।
বর্তমানে মোটরসাইকেলের ক্ষেত্রে কেবল নিবন্ধন ফি ও নির্দিষ্ট সময় পরপর রোড ট্যাক্স দিতে হয়। অগ্রিম আয়কর দেওয়ার বাধ্যবাধকতা নেই।
এখন ৫০ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের নিবন্ধন ফি প্রায় ৯ হাজার ২৯১ টাকা। আর ১২৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য নিবন্ধন ফি প্রায় ১১ হাজার ৭৬৪ টাকা।
এনবিআর সূত্র বলছে, নতুন ব্যবস্থায় মোটরসাইকেল মালিকরা অন্যান্য যানবাহনের মতোই ফিটনেস বা নবায়নের সময় অগ্রিম আয়কর পরিশোধ করবেন। পরে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় তা মূল করের সঙ্গে সমন্বয় করা যাবে।


























