সীমান্তে হত্যা করে বন্ধুত্বের কথা বলে লাভ নেই: ভারতকে নাহিদ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
ভারতের উদ্দেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে কোনো লাভ নেই।”
মঙ্গলবার (১২ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, প্রতিবেশী দেশে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে। অথচ বাংলাদেশে মাদরাসার শিক্ষার্থীরাই বিভিন্ন সময়ে মন্দির পাহারায় ভূমিকা রেখেছে।
শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “সেদিনের ঘটনার বিচার হলে পরবর্তীতে আরেকটি গণহত্যার সাহস কেউ পেত না। বিচারহীনতার সংস্কৃতির কারণেই পরবর্তী সময়ে ফ্যাসিবাদী সরকার আরও বড় সহিংসতার সুযোগ পেয়েছে।”
সভায় আরও বক্তব্য দেন এনসিপি নেতা ইসহাক সরকার। তিনি বলেন, শাপলা চত্বরের আন্দোলনের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন। তবে বিএনপির ভেতরের বামঘরানার কিছু নেতার কারণে আন্দোলনটি সফল হয়নি বলে মন্তব্য করেন তিনি।


























