পেনশন স্কিমে ৩ লাখ ৭৭ হাজারের বেশি নিবন্ধন, জমা প্রায় ২৭৬ কোটি টাকা
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
জাতীয় পেনশন কর্তৃপক্ষের আওতায় চালু হওয়া চারটি পেনশন স্কিমে মোট ৩ লাখ ৭৭ হাজার ৫৪৫ জন নিবন্ধিত হয়েছেন। ‘প্রবাস’, ‘প্রগতি’, ‘সুরক্ষা’ ও ‘সমতা’—এই চার স্কিমে অংশগ্রহণকারীদের মাধ্যমে এখন পর্যন্ত তহবিলে জমা হয়েছে প্রায় ২৫৫ কোটি ৭০ লাখ টাকা। মুনাফাসহ মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৭৯ কোটি ৭৪ লাখ টাকা।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্কিম চালুর প্রথম বছরে প্রায় পৌনে চার লাখ মানুষ যুক্ত হলেও পরবর্তী সময়ে অংশগ্রহণের হার তুলনামূলকভাবে ধীর হয়ে গেছে।
চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত প্রকাশিত তথ্যে এসব অগ্রগতি তুলে ধরা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের মোট শ্রমশক্তির বড় অংশ এখনো অনানুষ্ঠানিক খাতে যুক্ত। পাশাপাশি আগামী দশকগুলোতে বয়স্ক জনগোষ্ঠীর নির্ভরশীলতার হার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে সর্বজনীন পেনশন স্কিমকে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের এক সভায় জানানো হয়, ২০৩০ সালের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের অন্তত একজন সদস্যকে পেনশন কাভারেজে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে স্কিমকে আরও আকর্ষণীয় করতে শরিয়াহভিত্তিক পেনশন ব্যবস্থা, নমিনিদের আজীবন সুবিধা এবং আউটসোর্সিং কর্মীদের অন্তর্ভুক্তির বিষয়গুলো বিবেচনায় রয়েছে।
সভায় আরও জানানো হয়, এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এই খাতে ১০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি ৪৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং ডিজিটাল সেন্টারের মাধ্যমে নিবন্ধন ও চাঁদা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অর্থমন্ত্রী সংশ্লিষ্টদের স্কিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার এবং ব্যবস্থাপনা আধুনিকায়নের নির্দেশনা দেন।
























