এলজিইডি প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো সম্পন্ন করতে হবে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে টেকসই ও জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করতে হবে, যাতে উন্নয়নের সুফল সরাসরি সাধারণ মানুষ পায়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ২০২৫–২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় এলজিইডির বিভিন্ন চলমান প্রকল্পের অগ্রগতি, কাজের মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এলজিইডির প্রকল্প পরিচালকরা সশরীরে ও ভার্চুয়ালি অংশ নেন।
























