সুন্দরবনে বনদস্যু মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
মঙ্গলবার (১২ মে) ভোররাতে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
বিষয়টি দুপুরে নিশ্চিত করেন কোস্টগার্ডের যুদ্ধজাহাজ বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ।
কোস্টগার্ড জানায়, আটক মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে সক্রিয় দস্যু বাহিনীর নেতৃত্ব দিয়ে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
লেফটেন্যান্ট নাসিফ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সুন্দরবনে দস্যুতা দমনে কোস্টগার্ডের অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে দাকোপ থানার শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক বনদস্যু প্রধানের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্টগার্ড।




















