বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান!
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সদ্য প্রয়াত খালেদা জিয়ার মৃত্যুর পর শূন্যতা সৃষ্টি হওয়ায় স্থায়ী কমিটির বৈঠকে তার পদ গ্রহণের ঘোষণা আসতে পারে। তারেক রহমান দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্বে সক্রিয় ছিলেন এবং দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন।
সদ্য প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর বিএনপির সর্বোচ্চ পদ শূন্য হয়েছে। খালেদা জিয়া কারাগারে থাকার সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের দায়িত্ব পালন করছিলেন তারেক রহমান।
বিএনপির স্থায়ী কমিটির এক সূত্রের খবর অনুযায়ী, খালেদা জিয়ার কুলখানি শেষে বা পরবর্তী বৈঠকে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে।
তারেক রহমান ১৯৮৮ সালে রাজনীতি শুরু করেন, ২০০২ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হন এবং দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গেলে তিনি যুক্তরাজ্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পথচলার সমাপ্তি ঘটেছে। শূন্যতা পূরণের স্বাভাবিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত আসবে।
গঠনতন্ত্রের ৭(গ) ধারায় বলা হয়েছে, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের সব দায়িত্ব পালন করবেন। সেই নিয়ম অনুযায়ী তারেক রহমান ২০১৮ সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
খালেদা জিয়ার মৃত্যুর পর একই ধারার উপধারা ৩ অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করবেন। এই বিধানের কারণে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার জন্য আলাদা কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই। তথাপি দলের বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে এখনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হচ্ছে।























