নির্মাতা আতিক জামান গ্রেপ্তার

- সংবাদ প্রকাশের সময় : ০৬:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
রাজধানীর বনানী এলাকা থেকে নির্মাতা আতিক জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
ওসি জানান, আতিক জামান বনানী ২০ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। রাজনৈতিক মামলার অংশ হিসেবেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আতিকের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর তাঁর মুক্তির দাবি জানিয়েছেন নির্মাতা রেদওয়ান রনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আতিকের পেশাগত সততা, মেধা ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন তিনি।
রেদওয়ান রনি লেখেন, নির্মাতা হিসেবে কাজ শুরু করার সময় থেকেই আতিক সততা ও নিষ্ঠার পরিচয় দিয়ে আসছেন। নির্মাণশিল্পে তাঁর মতো মেধাবী ও সৎ মানুষের দেখা পাওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক জটিলতার সঙ্গে জড়িয়ে আতিকের গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এই নির্মাতা।
পোস্টে আতিক জামানের শারীরিক অসুস্থতার বিষয়টিও তুলে ধরেন রেদওয়ান রনি। তাঁর আশঙ্কা, কোনো হয়রানিমূলক মামলায় বিনা অপরাধে জড়িয়ে পড়লে এই মেধাবী নির্মাতার জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে আতিকের মুক্তির দাবি জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ মুক্তি পায় আতিক জামান পরিচালিত ওয়েব ফিল্ম ‘মিউ’। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, অভিমান এবং পোষা প্রাণীর প্রতি মানুষের মমত্ববোধকে কেন্দ্র করে নির্মিত ছবিটি মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা পায়।
ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আফসানা মিমি, আফজাল হোসেন, সাদিয়া আয়মান, আজিজুল হাকিম, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন, কাব্যকথা প্রতীতি ও তামান্না হক বর্ণা।



























