অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টার সময় মৃত্যুর প্রাথমিক ধারণা পুলিশের
মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্তসংলগ্ন একটি ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মোবাইল ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত নারীর নাম মনি বেগম। তিনি যশোর শহরের দেশপাড়া আনসার ক্যাম্প এলাকার নাসির উদ্দিনের স্ত্রী।
সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মহেশপুর উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের পিপুলবাড়িয়া বিলের একটি ধানক্ষেতের আইল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধানক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহের সন্ধান
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কৃষক ইসমাইল হোসেন ধানক্ষেতে কাজ করতে গিয়ে নারীর মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন কুসুমপুর বিওপিকে জানান। বিওপি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মহেশপুর থানা পুলিশকে খবর দেয়।
সীমান্তের মেইন পিলার ৬১/১৮-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মরদেহের কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৩৮০ টাকা এবং একটি মোবাইল নম্বর ও নাম লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। পরে মোবাইল ফোনের সূত্র ধরে যোগাযোগ করা হলে নিহতের খালা পরিচয়দানকারী এক নারী তাঁর পরিচয় নিশ্চিত করেন।
শরীরে ক্ষতচিহ্ন, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমর আলম জানান, নিহতের ডান পায়ের নিচে ক্ষতচিহ্ন, হাতের নখে কালচে দাগ এবং ডান কানের লতি সামান্য কাটা রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কোনো দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন ওই নারী। এ সময় সাপের কামড় কিংবা অন্য কোনো আকস্মিক কারণে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় মহেশপুর থানায় ৩ নভেম্বর ১৪৭ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওসি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
























