মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর

- সংবাদ প্রকাশের সময় : ১০:৩২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
মোটরসাইকেলের সামনের দিকে নম্বরপ্লেট না থাকলে এবার আইনগত জটিলতায় পড়তে পারেন মালিকেরা। পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে সামনের নম্বরপ্লেট স্থাপন করতে হবে।
বর্তমানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি প্রযুক্তিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। তবে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণে নজরদারি আরও জোরদার করতে সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নম্বরপ্লেটে থাকতে হবে নির্দিষ্ট মাপ
সামনের নম্বরপ্লেট তৈরিতে উপকরণ, রং ও আকারের বিষয়ে সুনির্দিষ্ট শর্ত দিয়েছে বিআরটিএ। প্লেটটি হতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের। সাদা পটভূমিতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো নকশা বা অতিরিক্ত সাজসজ্জা করা যাবে না।
স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। আর স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ধরনের প্লেটেই নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
মালিকদের নিজস্ব উদ্যোগে স্থাপনের নির্দেশ
বিআরটিএ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে মোটরসাইকেলের মালিকদের নিজেদের ব্যবস্থাপনায় এই নম্বরপ্লেট লাগাতে হবে। সে ক্ষেত্রে নির্ধারিত মাপ, রং ও উপকরণসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের জন্য মোটরসাইকেলের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

























