দুর্গাপূজায় ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে কিছুক্ষণ বিরতির পর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
চট্টগ্রামের আগে রংপুর ও রাজশাহী সফর
চট্টগ্রাম সফরের আগে প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহী সফর করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, সকালে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুরে রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর। পরে বিকেলে রাজশাহীতে একটি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর এ সফরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রাখা হয়েছে।





















