পূজার ছুটির আগেই খুলল সাজেক, ভ্রমণে বাধা নেই

- সংবাদ প্রকাশের সময় : ১২:৫০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
চার দিন বন্ধ থাকার পর দুর্গাপূজার ছুটির আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে সেখানে ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রাঙামাটি জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এর আগে গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটকদের ভ্রমণ ও পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ওই সময় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সাজেক-দীঘিনালা সড়কে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পর্যটনকেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। গত ১১ অক্টোবর সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকে সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। এতে সাজেকে যাতায়াতকারী পর্যটক ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে পূজার ছুটিকে সামনে রেখে সাজেকে পর্যটকদের যাতায়াত আবারও স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে ভ্রমণে যাওয়ার আগে সড়কের পরিস্থিতি ও যাতায়াতব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা জেনে নেওয়া ভালো।





















