কালিহাতীতে বালু মহালে অভিযান, ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা

- সংবাদ প্রকাশের সময় : ১১:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও বালু মহাল পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি এক্সকাভেটর (ভেকু) বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সল্লা কামাখ্যামোড় ও সল্লা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম।
অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে কামাখ্যা ঘাটে নজরুল ইসলামকে ১ লাখ টাকা এবং হাবিবুর রহমানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মন্ডলবাড়ী ঘাটে ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা এবং সল্লা ঘাটে আসাদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনের কাছ থেকে মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে একটি ভেকু বিনষ্ট করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন কিংবা বালু মহালের কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























