বঙ্গোপসাগরের ২৬ অফশোর ব্লকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের

- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরের অনাবিষ্কৃত অফশোর জ্বালানি সম্পদে আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে অফশোর অনুসন্ধান ও উৎপাদনে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়টি গুরুত্ব পেয়েছে লন্ডনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর মিনিস্টেরিয়াল সেশনে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লন্ডনে সামিটের স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত এ সেশনে বাংলাদেশের পক্ষ থেকে দেশের অফশোর জ্বালানি খাতের সম্ভাবনা তুলে ধরা হয়।
২৬ ব্লকে বিনিয়োগের সুযোগ
সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির কারণে দেশে জ্বালানির চাহিদা ক্রমেই বাড়ছে। এই চাহিদা টেকসইভাবে পূরণ করতে দেশীয় গ্যাস ও জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
এ সময় আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’-এ অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরের ১১টি অগভীর ও ১৫টি গভীর সমুদ্র ব্লকসহ মোট ২৬টি ব্লক বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানানো হয়।
বিনিয়োগকারীদের জন্য নীতিগত সহায়তার আশ্বাস
অধিবেশনে ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সহযোগিতা দিতে সরকার ইতিবাচক ও আধুনিক নীতি গ্রহণ করেছে।
বাংলাদেশের অফশোর খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে বঙ্গোপসাগরের অনাবিষ্কৃত সম্পদ, আধুনিক সিসমিক তথ্য এবং নতুন ‘অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’-এর বিভিন্ন বাণিজ্যিক সুবিধা ও শর্ত উপস্থাপন করা হয়।
সিসমিক ডেটা পর্যালোচনার আহ্বান
অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে বঙ্গোপসাগরের ভূ-তাত্ত্বিক ও সিসমিক ডেটা পর্যালোচনার আহ্বান জানায় বাংলাদেশ প্রতিনিধিদল।
একই সঙ্গে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’-এ অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়।


























