চার জেলায় নতুন ডিসি নিয়োগ, বদলি তিন জেলা প্রশাসক

- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তিন জেলা প্রশাসককে যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী, অর্থ বিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক আবু সাঈদকে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।
সম্প্রতি এই তিন কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁদের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী, উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেলা প্রশাসকদের নিয়োগ, বদলি ও পদায়নের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন।

























