দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
পুলিশের দুই ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও পদে বদলি ও পদায়ন করেছে সরকার। নতুন আদেশে একজন ডিআইজিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার এবং অন্যজনকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনগুলোতে সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার করা হয়েছে। অন্যদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে এবং মো. তোফায়েল আহমেদ মিয়াকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজমুল আলমকে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং পুলিশ সুপার মো. জাফর হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও মো. আবদুর রহমানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে দেওয়া আগের বদলি আদেশ বাতিল করা হয়েছে।
অন্যদিকে, এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে পুলিশ সুপার, মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে পুলিশ সুপার এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে মো. আসলাম উদ্দিনকে বদলি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীন ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে আগের কয়েকটি বদলি আদেশও বাতিল করা হয়েছে।
এর মধ্যে মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি এবং মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে পুলিশ সুপার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।




















