শেষ মুহূর্তে স্থগিত রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সফর ঘিরে জেলা প্রশাসনে চলছিল ব্যাপক প্রস্তুতিও। তবে শেষ মুহূর্তে অনিবার্য কারণে ৩০ ও ৩১ আগস্টের নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক।
তিনি বলেন, আগামী ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরের কর্মসূচি ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। নতুন সফরসূচি আগামী এক-দুই দিনের মধ্যে নির্ধারণ হতে পারে বলেও জানান তিনি।
এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে দুই দিনের সফরের বিষয়টি জানানো হয়। সফর উপলক্ষে আবাসন, যানবাহনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই প্রথম সফর হওয়ার কথা ছিল। ফলে সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ।
সফর সামনে রেখে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তর প্রস্তুতি শুরু করেছিল। স্থানীয় পর্যায়েও নেওয়া হচ্ছিল নানা প্রস্তুতি। তবে শেষ মুহূর্তে কর্মসূচি স্থগিত হওয়ায় আপাতত সেই সফর হচ্ছে না।
নতুন তারিখ চূড়ান্ত হলে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরকে ঘিরে আবারও প্রশাসনিক প্রস্তুতি শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




















