৫ শতাংশ মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, নতুন মজুরি বোর্ড গঠনের দাবি চা শ্রমিক ইউনিয়নের

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
চা শ্রমিকদের জন্য ঘোষিত ৫ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধি প্রত্যাহার করে নতুন মজুরি বোর্ড গঠন এবং বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনের কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক নিপেন পাল।
তিনি বলেন, দেশের অন্যান্য শিল্প খাতের তুলনায় চা শ্রমিকদের মজুরি এখনো অত্যন্ত কম। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে ঘোষিত ৫ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধি শ্রমিকদের জীবনমানের কোনো বাস্তব উন্নয়ন ঘটাবে না। তাই অবিলম্বে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে বাস্তবসম্মত ও যুগোপযোগী মজুরি নির্ধারণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ কন্দ ও জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক এবং বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, মনু-ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউড়ি ও সাধারণ সম্পাদক নির্মল পাইনকা, সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা এবং লংলা ভ্যালির সভাপতি সাঈদুল ইসলাম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রমিক নেতারা বলেন, বর্তমানে দৈনিক ১৮৬ টাকা মজুরিতে একটি শ্রমিক পরিবারের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব নয়। আগামী সপ্তাহ থেকে ৫ শতাংশ মজুরি বৃদ্ধি কার্যকর হওয়ার কথা থাকলেও শ্রমিকদের তা গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।
তারা আরও বলেন, সরকার যদি দ্রুত নতুন মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের জন্য মানসম্মত মজুরি নির্ধারণ না করে, তাহলে চা শ্রমিকরা আন্দোলন-সংগ্রামের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
























