ধলেশ্বরী থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে শামসুল হক সেতু

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাশিন ইউনিয়নের ধলেশ্বরী নদীতে দিন-রাত চলছে অবৈধ বালু উত্তোলন। ড্রেজার বসিয়ে সেতুর নিচ ও আশপাশের এলাকা থেকে বালু তোলায় ঝুঁকির মুখে পড়েছে নদীর ওপর নির্মিত শামসুল হক সেতু, যা চরাঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র প্রকাশ্যে নদী থেকে বালু উত্তোলন করে আসলেও কার্যকর ব্যবস্থা না থাকায় তাদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। বালু উত্তোলনের কারণে সেতুর দুই পাশের মাটি সরে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে ভিত্তি। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
শুধু সেতুই নয়, অবাধ বালু উত্তোলনের কারণে বর্ষা মৌসুমে নদীতীরবর্তী এলাকায় ভাঙনও বেড়েছে। এতে বসতভিটা, কৃষিজমি ও স্থানীয় অবকাঠামো হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয়দের আরও অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা প্রভাবশালী ও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকায় অনেকেই ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না। প্রশাসনের নজরদারি ও কঠোর অভিযান না থাকায় বালু উত্তোলনের এ কার্যক্রম আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”





















