জুলাই অভ্যুত্থানের দুই বছর
সিলেটের সাবেক মন্ত্রী-এমপিদের কেউ আত্মগোপনে, কেউ বিদেশে

- সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে
২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছর পেরিয়ে গেছে। সেই রাজনৈতিক পরিবর্তনের পর দেশের অনেক প্রভাবশালী সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও জনপ্রতিনিধির রাজনৈতিক বাস্তবতা আমূল বদলে গেছে। কেউ দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন, কেউ আত্মগোপনে রয়েছেন, আবার কেউ বিভিন্ন মামলায় কারাবন্দি বা জামিনে মুক্ত থেকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
সিলেট বিভাগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সিটি মেয়রদের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী এসব রাজনৈতিক ব্যক্তিত্ব এখন ছড়িয়ে-ছিটিয়ে আছেন দেশ-বিদেশে।
সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রায় ছয় মাস দেশে আত্মগোপনে থাকার পর অবৈধ পথে যুক্তরাষ্ট্রে গেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। বর্তমানে তিনি মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন। সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ভারত হয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে। একইভাবে সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন।
সিলেট-৬ আসনের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশে আত্মগোপনে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। অন্যদিকে সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আল ইসলাহ নেতা মাওলানা মোহাম্মদ হুসামুদ্দীন চৌধুরী দেশে থাকলেও রাজনৈতিকভাবে অনেকটাই নীরব রয়েছেন।
এদিকে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মো. আবু জাহির, মৌলভীবাজারের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমান এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. মোহাম্মদ সাদিক যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন বলে জানা গেছে।
মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ভারত ও মালয়েশিয়ায় অবস্থান করে দলীয় কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
অন্যদিকে সিলেট-৪ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ, মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বিভিন্ন মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।
সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তারের পর আদালত থেকে জামিন পেয়ে নিজ বাড়িতে থেকে আইনি প্রক্রিয়া মোকাবিলা করছেন। একইভাবে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকও কারামুক্ত হয়ে জামিনে রয়েছেন।
এছাড়া সাবেক পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং দিরাই-শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য জয়া সেনগুপ্তা দেশে অবস্থান করছেন বলে জানা গেলেও তারা কোথায় রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।




















