আসিফ মাহমুদ
ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চায় না

- সংবাদ প্রকাশের সময় : ০৮:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে এখন আর কোনো কূটনৈতিক লাভ-লোকসানের বিষয় নেই। তার দাবি, ভারত সম্ভবত আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখতে আগ্রহী নয়।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনার চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে তিনি নির্ভরযোগ্য তথ্য হিসেবে মনে করেন না। তার ভাষ্য, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরকে ঘিরে সরকারকে একটি বার্তা দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের আলোচনা সামনে আনা হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, এ বিষয়ে ভারত সরকারেরও সম্পৃক্ততা থাকতে পারে এবং ভারত সম্ভবত শেখ হাসিনাকে আর সেখানে রাখতে চাচ্ছে না।
এনসিপির এই নেতা বলেন, কোনো বিদেশি রাষ্ট্রের ভূখণ্ড থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া উচিত নয়। তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হলে আদালতের দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।



















