জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা

- সংবাদ প্রকাশের সময় : ১২:৩০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আগামী ৫ আগস্ট ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি, টহল এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা রাষ্ট্রবিরোধী কোনো পক্ষ যাতে দিবসটিকে কেন্দ্র করে নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ব্যাটালিয়ন নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে আগেভাগেই নজরদারি শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, দিবসটি ঘিরে জনগণের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।




















