৭ জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমা ছুঁইছুঁই কয়েকটি নদী

- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
অতি ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রংপুর বিভাগের পাঁচ জেলা এবং সিলেট বিভাগের দুই জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েকটি নদীর পানি সতর্কসীমা ও বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
মঙ্গলবার (৪ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, কুশিয়ারা নদীর পানি বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং সংলগ্ন উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে সুরমা-কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে। সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকায় সতর্কসীমা অতিক্রম করে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে কুশিয়ারা নদীসংলগ্ন সিলেটের নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
উত্তরাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়েছে, আর তিস্তার পানি স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে তা বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া ধরলা নদীর পানি কিছু এলাকায় সতর্কসীমা ছুঁতে পারে। ফলে লালমনিরহাট ও কুড়িগ্রামের নদীতীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী পাঁচ দিন বাড়তে পারে। এর প্রভাবে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সতর্কসীমার কাছাকাছি পানি প্রবাহিত হতে পারে এবং কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও দ্রুত বাড়ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার কিছু এলাকায় এসব নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে।
চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। যদিও গোমতী নদীর পানি কিছুটা কমেছে, তবে আগামী তিন দিনে এসব নদীর পানিও আবার বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।




















