মানবতাবিরোধী অপরাধ
হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা এবং সারাদেশে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও উসকানির অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রোববার (২০ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ পাঁচশ পৃষ্ঠার রায়ের অনুলিপি প্রকাশ করেন।
এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি জানান, প্রসিকিউশন এ রায়ের বিরুদ্ধে আপিল করবে।
এর আগে গত ৩০ জুন, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় প্রতিটি অভিযোগে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনটি সাজা একই সঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।






















