বিমানবন্দর রেলস্টেশনে পরিচয়, জামালপুরে নিয়ে যৌনপল্লীতে বিক্রি

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে জামালপুরের রানীগঞ্জ যৌনপল্লীতে নিয়ে যাওয়া এক নারীকে (২০) উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়ার পর রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের আমলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামাল পাশার নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, উদ্ধার হওয়া নারী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাসিন্দা। প্রায় দেড় বছর আগে পরিবারের অমতে বিয়ে করে তিনি স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন। সংসার চালাতে একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।
সম্প্রতি স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ দেখা দিলে স্বামী বাড়িতে চলে যান। কিছুদিন পর স্বামী ঢাকায় আসছেন জানিয়ে তাঁকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যেতে বলেন। সেখানে পৌঁছে স্বামীর মোবাইল ফোন বন্ধ পান ওই নারী।
এ সময় স্টেশনে ইনু নামের এক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) ইনু তাঁকে জামালপুরে যাওয়ার প্রস্তাব দেন। সেখানে এক আত্মীয়ের বিয়েতে অংশ নেওয়ার পর ঢাকায় ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়।
ইনুর কথায় বিশ্বাস করে ওই নারী রাজিব পরিবহনের একটি বাসে জামালপুরে আসেন। পরে জামালপুর পৌর বাস টার্মিনাল এলাকার ব্রিজ মোড় থেকে তাঁকে সরাসরি রানীগঞ্জ যৌনপল্লীতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
সেখানে এক রাত থাকার পর পরিস্থিতি বুঝতে পারেন ভুক্তভোগী নারী। এরপর কৌশলে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। বিষয়টি জানতে পেরে তাঁর এক স্বজন ঢাকার উত্তরা থেকে জামালপুরে এসে পুলিশের সহযোগিতা চান।
পরে পুলিশের সহায়তায় রানীগঞ্জ যৌনপল্লী থেকে ওই নারীকে উদ্ধার করে আমলাপাড়া ১ নম্বর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নারীর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। তাঁর বক্তব্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।


























