আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৬

- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া এলাকার ওই পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
তবে বাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।





















