বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনে নতুন ফি নির্ধারণ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ক্ষেত্রে ফি নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক (পিএসডি-২) মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB)-এর মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের আওতায় সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (POS) ও বাংলা কিউআর কোড লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগের সার্কুলারে নির্ধারিত ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত রেখে NPSB-এর আওতায় শুধু বাংলা কিউআর কোডভিত্তিক পরিশোধ ব্যবস্থায় মার্চেন্ট পেমেন্টের জন্য নতুন হার নির্ধারণ করা হয়েছে।
এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP)-এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টদের কাছ থেকে সর্বোচ্চ নয়, বরং ন্যূনতম ১ শতাংশ (ভ্যাটসহ) মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) আদায় করতে পারবে।
তবে ডিজিটাল লেনদেন বাড়ানোর লক্ষ্যে কোনো অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান বিশেষ প্রচারণামূলক কার্যক্রম বা প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

















