আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে, ব্রাজিলের সামনে হালান্ডরা

- সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
গোলমেশিন আরলিং হালান্ডের নৈপুণ্যে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। রাউন্ড অব ৩২-এর নাটকীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি।
ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আইভরি কোস্ট। প্রথমার্ধের প্রথম ৩০ মিনিট বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি তারা। কোনানের শট সাইড নেটে লাগে, আর বোনিও সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।
সুযোগ কাজে লাগাতে ব্যর্থতার সুযোগ নেয় নরওয়ে। ম্যাচের ৩৯তম মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে দলকে এগিয়ে দেন নুসা। বাম প্রান্ত দিয়ে ড্রিবল করে পেনাল্টি বক্সে ঢুকে তাঁর নিখুঁত বাঁকানো শটে বল জড়িয়ে যায় জালে। নরওয়ের জার্সিতে এটি ছিল নুসার নবম গোল।
গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল নরওয়ে। তবে হালান্ডের নিশ্চিত গোলের চেষ্টা দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন আইভরি কোস্টের ডিফেন্ডার আগবাদু। এরপর কর্নার থেকে সোরলথের হেডও লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইভরি কোস্ট। ম্যাচের ৭৪তম মিনিটে আমাদ দিয়ালো সমতায় ফেরান দলকে। পেপের সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাসে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে দারুণ শটে বল জালে পাঠান তিনি।
তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি আইভরি কোস্টের। শেষ পর্যন্ত হালান্ডের গোলে জয় নিশ্চিত করে নরওয়ে। এই জয়ের ফলে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা, যেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।












